ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যেভাবে পাবেন ঈদে বাসের অগ্রিম টিকিট

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৪:৪৮ পিএম
প্রতীকী ছবি

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে রাজধানী থেকে বিভিন্ন জেলায় যাতায়াতের প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে পরিবহন প্রতিষ্ঠানগুলো। শুক্রবার সকাল থেকেই কাউন্টার ও অনলাইন—দুই মাধ্যমেই টিকিট সংগ্রহ করতে পারছেন যাত্রীরা।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না। যাত্রীদের সুবিধার জন্য প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা প্রদর্শনের নির্দেশনাও দেওয়া হয়েছে। একই নিয়ম অনলাইন টিকিটের ক্ষেত্রেও প্রযোজ্য।

জানা গেছে, ২১ মে এবং পরবর্তী দিনের যাত্রার জন্য অগ্রিম টিকিট বিক্রি চলছে। রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও টেকনিক্যাল এলাকার কাউন্টারগুলোতে সকাল থেকেই যাত্রীদের উপস্থিতি লক্ষ করা গেছে।

অনলাইনে টিকিট কেনার নিয়ম

বর্তমানে ঘরে বসেই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও মোবাইল অ্যাপের মাধ্যমে বাসের টিকিট কেনা সম্ভব। এজন্য প্রথমে সংশ্লিষ্ট অ্যাপ ডাউনলোড বা ওয়েবসাইটে প্রবেশ করে মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে।

টিকিট কেনার ধাপসমূহ :

  • গন্তব্য ও ভ্রমণের তারিখ নির্বাচন করে সার্চ করতে হবে;
  • এরপর বাসের তালিকা ও সময়সূচি দেখা যাবে;
  • পছন্দের বাসে খালি আসন থাকলে সেটি নির্বাচন করতে হবে;
  • যাত্রীর প্রয়োজনীয় তথ্য পূরণ করে পরবর্তী ধাপে যেতে হবে;
  • নির্দিষ্ট সময়ের মধ্যে মোবাইল ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড বা অনলাইন পেমেন্টের মাধ্যমে ভাড়া পরিশোধ করতে হবে।

পেমেন্ট সম্পন্ন হলে ই-টিকিট ডাউনলোড করা যাবে। ভ্রমণের সময় টিকিটের প্রিন্ট কপি বা মোবাইলে সংরক্ষিত কপি সঙ্গে রাখা ভালো।