ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কয়েকটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : শিক্ষামন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১১, ২০২৬, ০১:০৬ পিএম
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত

দেশে উচ্চশিক্ষার পরিসর আরও বাড়াতে বাংলাদেশে নতুন কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। সোমবার (১১ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে পাকিস্তান-বাংলাদেশ নলেজ এক্সচেঞ্জ করিডোর এবং এডুকেশন এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে দেশে ১১৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এর সঙ্গে আরও কয়েকটি নতুন বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়ার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৫৭টি ভালো মানের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে শিক্ষা ও জ্ঞান বিনিময়ভিত্তিক এ আয়োজনকে তিনি ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এ ধরনের শিক্ষামেলা দুই দেশের জন্যই লাভজনক হবে।

তিনি আরও বলেন, পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশি শিক্ষার্থীদের উৎসাহিত করা হচ্ছে। সেখানে পরীক্ষার মাধ্যমে যোগ্য শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পাবেন। পাকিস্তানের বেশকিছু মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ রয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে। বিনা মূল্যে পড়াশোনার সুযোগও থাকছে উল্লেখ করে তিনি আল্লামা ইকবাল স্কলারশিপ কর্মসূচির সফলতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার জানান, রাজধানীতে উদ্বোধনের পর আগামী ১০ দিনের মধ্যে রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রামেও পাকিস্তান-বাংলাদেশ এডুকেশন এক্সপো অনুষ্ঠিত হবে। তার মতে, এই আয়োজন দুই দেশের শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করবে।

তিনি আরও বলেন, সমঝোতা স্মারকের (এমওইউ) মাধ্যমে পাকিস্তানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বাড়াতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আরও কার্যকর সহযোগিতা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।