ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সমুদ্রে বোটের ইঞ্জিন বিকল, ১৪ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৯:০৬ পিএম
১৪ জেলেকে জীবিত উদ্ধার। ছবি : সংগৃহীত

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃত জেলেদের প্রয়োজনীয় খাবার ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকার গত ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিনের জন্য বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে বাংলাদেশ কোস্ট গার্ড সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে।

কোস্ট গার্ড জানায়, এরই অংশ হিসেবে গভীর সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ ‘জয় বাংলা’ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাডার কন্টাক্টের মাধ্যমে একটি বোটকে সমুদ্রে ভাসমান অবস্থায় শনাক্ত করে। পরে বোটটির কাছে গিয়ে জানা যায়, ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে গত ১৮ মে লক্ষ্মীপুরের আলেকজান্ডার খাল থেকে মাছ ধরার উদ্দেশে গভীর সমুদ্রে যায় বোটটি।

একপর্যায়ে বোটটির ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটি কুতুবদিয়ার পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় টানা তিন দিন ভাসতে থাকে। পরে কোস্ট গার্ড সদস্যরা বোটসহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেন।

উদ্ধারকৃত বোট ও জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এদিকে কোস্ট গার্ড জানিয়েছে, সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা এবং জরুরি উদ্ধার কার্যক্রমে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।