ভারী বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৬ মে) এক ক্ষুদে বার্তায় নৌপরিবহন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
ঘাট কর্তৃপক্ষ জানায়, বেলা ১১টা ২০ মিনিটের পর হঠাৎ আকাশে কালো মেঘ জমে পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায় তীব্র ঝড় শুরু হয়। দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বিআইডব্লিউটিসি যৌথভাবে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় দুপুর ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন