ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাত পোহালেই ঈদ

জুবায়ের দুখু
প্রকাশিত: মে ২৭, ২০২৬, ১১:০৫ পিএম
ছবি : সংগৃহীত

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর এই ঈদকে ঘিরেই প্রতি বছর শহর থেকে মাটির টানে, নাড়ির টানে মানুষ ছুটে যায় আপন ঠিকানায়। এই আনন্দ মূলত আত্মিক প্রশান্তিরই একটি অংশ।

তবে ঈদ আনন্দের হলেও কখনো কখনো তা ডেকে আনে বিষাদের ছায়া। কোথাও কেউ বলেছিলেন, সব আনন্দ সবসময় সবার কাছে সমান আনন্দময় হয়ে ওঠে না।

এবারের ঈদেও তেমনই বিষাদ নেমে এসেছে অনেক পরিবারে। বিশেষ করে টাঙ্গাইলে সড়কে রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৩ জন নিহত হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নওগাঁর কয়েকটি গ্রামে। নিহতদের সবার বাড়িই ছিল নওগাঁ জেলায়।

জানা গেছে, নিহতরা সবাই হতদরিদ্র পরিবারের সন্তান। মাছ বিক্রি করেই চলত তাদের জীবিকা। তবে বর্তমানে বর্ষা মৌসুম না থাকায় কাজের সংকটে তারা ফেনীতে গিয়ে ভাঙারি ও মানুষের চুল কেনাবেচার কাজ করতেন। ঈদকে সামনে রেখে কম খরচে বাড়ি ফেরার জন্য যাত্রীবাহী পরিবহনের পরিবর্তে রডবোঝাই ট্রাকে রওনা দিয়েছিলেন তারা। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল জীবনের শেষ যাত্রা।

নিহত রবিউল ইসলামের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলেটা ফোনে কইছিল—‘মা, সকালে বাড়ি পৌঁছামু।’ এখন সে লাশ হয়ে ফিরবে!

ঈদ এলেই এমন সব গল্প আমাদের সামনে আসে। উদাহরণ হিসেবে আরও একটি ঘটনার কথা বলা যায়। রাজধানীর মিরপুরের কালশী এলাকায় গত সোমবার সন্ধ্যায় একটি বস্তিতে ভয়াবহ আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, আগুনে প্রায় এক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। তাদের মধ্যে অনেকেই মাথা গোঁজার ঠাঁই না পেয়ে কালশী উড়ালসড়কের র‍্যাম্পের নিচে অবস্থান নিয়েছেন।

এ ছাড়া ঈদকে ঘিরে প্রতিনিয়তই ঘটছে নানা ছোট-বড় ঘটনা। আর এভাবেই ঈদ তৈরি করছে নতুন নতুন গল্প- কিছু সুখের, কিছু দুঃখের। তবু ঈদ আমাদের জনজীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আনন্দ আর বেদনা মিলিয়েই এই ঈদ আমাদের সবার।