ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

তেজগাঁওয়ে মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ৩১, ২০২৬, ০৫:৫৭ পিএম
ছবি : সংগৃহীত

রাজধানীর তেজগাঁও এলাকায় একটি মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হওয়ায় রেল চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। রোববার (৩১ মে) দুপুরে তেজগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, মালবাহী ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেছিল। পথে তেজগাঁও এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি ওয়াগন লাইনচ্যুত হয়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওয়াগন লাইনচ্যুত হওয়ার কারণে তেজগাঁও রেললাইন এলাকায় একটি লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে ওই রুটে ট্রেন চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনচ্যুত ওয়াগন উদ্ধারে সংশ্লিষ্ট কর্মীরা কাজ শুরু করেছেন। উদ্ধার কার্যক্রম শেষ করে রেল যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ঘটনার পরপরই রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।