ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১, ২০২৬, ১২:৫২ পিএম
দীপেন দেওয়ান। ছবি : সংগৃহীত

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। 

সোমবার (১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেছেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

১৯ বছর সরকারি চাকরি করার পর ২০০৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতিতে সক্রিয় হন দীপেন দেওয়ান। দীর্ঘ লড়াই-সংগ্রাম শেষে তিনি দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ সচিবালয়ে শপথ গ্রহণ করার পর বিকেলে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

দীপেন দেওয়ান প্রথমে জেলা বিএনপির আহ্বায়ক এবং পরবর্তীতে জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

দীপেন দেওয়ানের প্রয়াত পিতা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে দীপেন দেওয়ান ছাত্রজীবন থেকে কিছুটা সক্রিয় থাকলেও পরিবারের ইচ্ছায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে লেখাপড়া শেষ করে বিসিএস কর্মকর্তা হিসেবে জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন।