বগুড়ার নবগঠিত দুটি উপজেলার কয়েকটি ইউনিয়নের নাম নিয়ে সমালোচনা ও বিতর্কের পর প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট দুটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামে গঠিত ইউনিয়ন দুটির নতুন নাম নির্ধারণের জন্য আবারও গণশুনানির আয়োজন করা হবে।
শুক্রবার (১৯ জুন) রাতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ নেওয়া হচ্ছে। ইউনিয়ন দুটির নতুন নাম চূড়ান্ত করার সময় স্থানীয় বাসিন্দাদের মতামত, এলাকার ঐতিহাসিক প্রেক্ষাপট, ঐতিহ্য এবং ভৌগোলিক বৈশিষ্ট্যকে গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে পুনরায় গণশুনানির ব্যবস্থা করা হবে।
এর আগে, ১১ জুন বগুড়া জেলা প্রশাসনের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং নবঘোষিত মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক পুনর্গঠন করা হয়। পরে ১৪ জুন গেজেট প্রকাশিত হলে ইউনিয়নগুলোর নামকরণ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
সমালোচকদের অভিযোগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম তার প্রভাব খাটিয়ে পরিবারের সদস্যদের নাম অনুসারে কয়েকটি ইউনিয়নের নাম নির্ধারণ করিয়েছেন। অভিযোগ অনুযায়ী, মোকামতলা উপজেলার দুটি নতুন ইউনিয়নের নাম রাখা হয় ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’, যা তার দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে পুরোপুরি মিলে যায়। একই সঙ্গে শিবগঞ্জ উপজেলার একটি ইউনিয়নের নামকরণ করা হয় ‘মীরবাড়ী ইউনিয়ন’, যা প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ির নামের সঙ্গে সম্পর্কিত বলে অভিযোগ ওঠে।
সরকারি প্রশাসনিক ইউনিটের নামকরণে পারিবারিক প্রভাবের অভিযোগ সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। জনমত ও সুশাসনের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী বিতর্কিত নামগুলো পরিবর্তনের জন্য সরাসরি নির্দেশনা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ইউনিয়নগুলোর নতুন নাম চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন