বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জামায়াতে ইসলামীর রাজনীতি হলো ঘোলা পানিতে মাছ শিকার করা। তবে এটা করতে গিয়ে তারা নিজেরাই ঘোলা পানিতে পড়ে যায়। কারণ, যারা ধর্মের নামে রাজনীতি করে, তাদের আদর্শ কী?’
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে ১৭ জুলাই যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে বলেন, ‘শেখ হাসিনা যদি এ দেশে এসে রাজনীতি করতে চান, তাহলে টিক্কা খানের উত্তরসূরীদেরও প্রত্যাবর্তন করতে হবে। ফ্যাসিস্টের পতন হলে তাকে ফিরিয়ে আনা যায় না।’
রিজভী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতার জন্য মন ভোলানো কথা বলে। কিন্তু এ দেশের মানুষ আর এই সুযোগ দেবে না।’
এ সময় তিনি জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে অগ্রণী ভূমিকার কথাও তুলে ধরেন।
যাত্রাবাড়ীতে আন্দোলনের তীব্রতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাইয়ে যাত্রাবাড়ীতে পলাশীর প্রান্তর ও লেলিনগ্রাদের মতো প্রতিরোধ গড়ে উঠেছিল।’

