ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

কক্সবাজারে অটোরিকশা থামিয়ে মুদিদোকানিকে গুলি

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ১০:০৪ পিএম
ছবি : সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় অটোরিকশা থামিয়ে মো. রমিজ উদ্দিন (৪২) নামে এক মুদিদোকানিকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের পালাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রমিজ উদ্দিন পালাকাটা এলাকার বাসিন্দা। তিনি বাড়ির পাশেই একটি মুদিদোকান পরিচালনা করেন।

স্থানীয় বাসিন্দা ও আহতের পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার দুপুরে চিরিংগা ইউনিয়নের মাছঘাট স্টেশন থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন রমিজ উদ্দিন। বাড়ির কাছাকাছি পৌঁছালে দুই যুবক অটোরিকশাটির গতিরোধ করেন। এরপর তারা রমিজকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিবিদ্ধ হয়ে তিনি সড়কে লুটিয়ে পড়েন। ঘটনার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন জানান, রমিজ উদ্দিনের বুকের ডান পাশে একটি গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এদিকে, ঘটনার পর গুলিবিদ্ধ অবস্থায় রমিজ উদ্দিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে তিনি কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে হামলার অভিযোগ করেন। তবে ওই বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, ভিডিওতে যাদের নাম এসেছে, ঘটনার পর থেকে তারা এলাকায় নেই। তাদের ব্যবহৃত মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে পূর্ববিরোধের জেরে হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে।