সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা পরিবর্তন করে সংগীত ও শারীরিক শিক্ষাবিষয়ক শিক্ষক নিয়োগের সুযোগ বাতিল করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। মঙ্গলবার (১১ নভেম্বর) এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানায় সংগঠনটি।
বিবৃতিতে সংগীত ও শারীরিক শিক্ষাবিষয়ক শিক্ষক নিয়োগের সুযোগ বাতিলের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।
বিবৃতিতে নেতারা বলেন, ‘সুকুমারবৃত্তি বিকাশের মধ্য দিয়ে কোমলমতি শিশুদের মধ্যে দেশপ্রেম, মানবপ্রেম, মানবিক মূল্যবোধ তৈরি করা এবং ইতিহাস-ঐতিহ্য ও সাংস্কৃতিক ঐশ্বর্য্যের সঙ্গে পরিচয় ঘটিয়ে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য। বাংলাদেশের জন্মের পর থেকেই এ দেশের সংস্কৃতিকর্মীরা পাঠ্যক্রমে শিল্পকলার নানা বিষয় সংযুক্তির দাবি জানিয়ে আসছে। কারণ, অসাম্প্রদায়িক, দরদি ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলা এবং শিশু-কিশোরদের উন্নত অভিরুচি গঠনের ক্ষেত্রে সংগীত-শিল্প-সাহিত্যের কোনো বিকল্প নেই।’
বিবৃতিতে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষাবিষয়ক শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্ত থেকে সরকারকে অবিলম্বে সরে আসার আহ্বানও জানিয়েছেন উদীচী নেতারা।

-20251103154935.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন