অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো দালাল।
বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ মন্তব্য করেন তিনি।
ড. ইউনূস বলেন, সংযুক্ত আরব আমিরাতে আটক শ্রমিকরা বহু কষ্টে বিদেশে গেছেন। তারা আইন অমান্য করলে কী শাস্তি হতে পারে, তা জেনেও দেশের স্বার্থে কাজ করেছেন। পরে সংশ্লিষ্ট সরকারের কাছে অনুরোধ করলে শ্রমিকদের মুক্তি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শ্রমশক্তি রপ্তানির পুরো প্রক্রিয়াই দালাল ও সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত। পদে পদে প্রতারণার শিকার হচ্ছেন মানুষ। এই খাতকে দালালমুক্ত করতে না পারলে উন্নতি সম্ভব নয়।
ড. ইউনূস বাংলাদেশের তরুণ জনশক্তির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, পৃথিবীতে তারুণ্যের অভাব। আমরা তারুণ্যের খনি। এত তরুণ জনশক্তি আর কোথাও নেই। সারা পৃথিবীকে আমাদের কাছে আসতে হবে।
প্রবাসী শ্রমিক প্রেরণের উদাহরণ দিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর জানা যায়, মেয়াদ শেষ হওয়ায় ১৭ হাজার শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারেননি। পরে আনোয়ার ইব্রাহিমের মাধ্যমে তারা শ্রমিক গ্রহণে সম্মতি দেন। তবে পুরো প্রক্রিয়া দালাল ও সিন্ডিকেটের নিয়ন্ত্রণে ছিল।
ড. ইউনূস জাপান সফরের অভিজ্ঞতাও তুলে ধরেন। তিনি বলেন, জাপানের বহু শহরে ড্রাইভার নেই, খালি জমি পড়ে আছে। আমরা এক লাখ জনশক্তি দিতে প্রস্তুত। শুধু ভাষা শিখলেই তারা সেখানে যেতে পারবেন।
অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ও তুলে ধরেন।


