ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘আধুনিক যুগে গণমাধ্যম ছাড়া সভ্যতার চর্চা সম্ভব নয়’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৪:৫৯ পিএম
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি- সংগৃহীত

রাষ্ট্রের মালিক জনগণ। আধুনিক সভ্যতায় গণমাধ্যম ছাড়া সভ্যতার চর্চা সম্ভব নয়। গণতন্ত্র ছাড়া রাষ্ট্র ও সমাজ অন্ধকারে থাকে। রাষ্ট্রের সব কর্মকাণ্ড আয়নার মতো তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব। তাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত রাজশাহী বিভাগের সাত জেলার সাংবাদিকদের আর্থিক অনুদান এবং সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের সরকারের বয়স এখনও এক মাসও পূর্ণ হয়নি। অনেকের ভোটের কালির দাগও শুকায়নি। কিন্তু প্রধানমন্ত্রী ইতোমধ্যে জনগণের কল্যাণে নানা উদ্যোগ নিয়েছেন। ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে, কৃষক কার্ড বিতরণের কাজ চলছে এবং কৃষকদের কৃষিঋণ মওকুফ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, সরকারের যাত্রার শুরুতেই আমরা যে কাজগুলো করেছি, তাতে আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনা সম্পর্কে জনগণ ধারণা পেয়েছে। গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্রের মালিক জনগণ। আধুনিক সভ্যতায় গণমাধ্যম ছাড়া সভ্যতার চর্চা সম্ভব নয়। গণতন্ত্র ছাড়া রাষ্ট্র ও সমাজ অন্ধকারে থাকে। রাষ্ট্রের সব কর্মকাণ্ড আয়নার মতো তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব। তাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব।

জহির উদ্দিন স্বপন বলেন, রাষ্ট্রে জবাবদিহিতার সংস্কৃতি থাকলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এমন পরিস্থিতিতে পড়ত না। আমরা জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চাই। প্রধানমন্ত্রী আমাকে সকল সম্প্রচার মাধ্যমে মূল্যবোধভিত্তিক প্রচারণা জোরদার করার পরামর্শ দিয়েছেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কালাম আজাদ, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস।