ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মসজিদের টাকা দিয়ে কোরবানির ছুরি কেনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ইছাপুর বাইতুন নুর জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহার কোরবানির জন্য মসজিদের টাকায় সফিল উদ্দিন একটি ছুরি কিনে ইমামকে দেন। তবে বিষয়টি অনেক মুসল্লি ও গ্রামবাসী জানতেন না। শুক্রবার জুমার নামাজের সময় ছুরি কেনার বিষয়টি নিয়ে গ্রামের আজিম উদ্দিন উপস্থিত মুসল্লিদের অবগত করেন। এ নিয়ে সফিল উদ্দিন ও আজিম উদ্দিনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।
সংঘর্ষে সফিল উদ্দিন পক্ষের রহিমা বেগম, শরিফ, শিমুল আক্তার ও নিজাম আলম আহত হন। অন্যদিকে আজিম উদ্দিন পক্ষের যদু মিয়া ও হুমায়ুন কবির আহত হয়েছেন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে গুরুতর আহত যদু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
নাসিরনগর থানার ওসি মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।

