চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা সালাউদ্দিন (৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে মিরসরাই উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাংলাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের পুত্র।
স্থানীয়রা জানান, সাহেরখালী ইউনিয়নের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন আজ দুপুরে মোটরসাইকেলযোগে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছিলেন। তিনি আবুতোরাব বাজারের পাশে মসলিম চত্বরে পৌঁছালে চট্টগ্রামমুখী সেভেন রিং সিমিন্টের একটি ট্রাক ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চলমুখী চট্টগ্রাম অনলাইন ইন্টারনেট সংযোগের একটি ডাবল কেভিন পিকআপের মাঝামাঝিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খান। এতে ঘটনাস্থলে যুবদল নেতা সালাউদ্দিন নিহত হন।
মিরসরাই থানা যুবদলের প্রধান সমন্বয়ক এসএম সুমন বলেন, দুর্ঘটায় নিহত সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন । তার মৃত্যুতে যুবদল পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, দুর্ঘটনার পর আমরা ঘটনাস্থলে গিয়ে নিহত সালাউদ্দিনের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন