ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্বামী-স্ত্রী দুজনই প্রার্থী নেত্রকোনা-৪ আসনে

সুমন রাহাত, নেত্রকোনা
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ১১:১৭ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। একই আসনে তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে নিজের মনোনয়নপত্র জমা দেন লুৎফুজ্জামান বাবর। এর কিছুক্ষণ পর বিকেল সাড়ে ৪টার দিকে তাহমিনা জামান শ্রাবণীর পক্ষে তার ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী মনোনয়নপত্র জমা দেন।

নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এই আসনে স্বামী ও স্ত্রী উভয়ই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তাহমিনা জামান শ্রাবণী উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছিলেন।

এবার নেত্রকোনা-৪ আসনে মোট তিন জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাহমিনা জামান শ্রাবণী ছাড়া অন্য দুজন হলেন, সিপিবির জলি তালুকদার এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার।

এ ছাড়া এ আসনের অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মো. আল হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা মোখলেছুর রহমানসহ আরও কয়েকজন।