ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঋণ নিয়ে নির্বাচন করবেন রুমিন ফারহানা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০১:৫৫ পিএম
ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনি হলফনামায় তিনি জানিয়েছেন, নির্বাচনি ব্যয় মেটাতে নিজের সঞ্চয়ের পাশাপাশি প্রবাসে থাকা আত্মীয়ের কাছ থেকে ঋণ নেবেন তিনি।

নির্বাচনি ব্যয়ের বিষয়ে হলফনামায় রুমিন ফারহানা উল্লেখ করেছেন, তার নগদ ও ব্যাংকে গচ্ছিত আছে প্রায় ৩২ লাখ টাকা। এর মধ্যে তিনি নির্বাচনি কাজে ২০ লাখ টাকা ব্যয় করবেন। বাকি পাঁচ লাখ টাকা তিনি তার প্রবাসী খালাতো ভাই গালিব মেহেদীর কাছ থেকে ধার নেবেন।

নির্বাচনি হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত এ নেত্রী। দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন তিনি। এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় রুমিন ফারহানাকে বহিষ্কার করে দল। তবে ভোটে লড়তে অনড় তিনি।


 
হলফনামা অনুযায়ী, সুপ্রিম কোর্টের আইনজীবী রুমিন ফারহানার আয় বছরে প্রায় ৯৭ লাখ টাকা, যা তিনি ২০২৫ সালের আয়কর রিটার্নে উল্লেখ করেছেন। উত্তরাধিকারসূত্রে চট্টগ্রামে পাঁচ কাঠা জমি ও ঢাকায় একাধিক ফ্ল্যাট রয়েছে তার। এ ছাড়া রুমিন ফারহানার ১০ ভরি স্বর্ণ রয়েছে।

২০১৯ ও ২০২৫ সালে জমা দেওয়া দুটি হলফনামা তুলনা করে দেখা যায়, এই সময়ে তার বার্ষিক আয় বেড়েছে ২২ গুণ। ২০১৯ সালে একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে জমা দেওয়া হলফনামায় রুমিন ফারহানা বার্ষিক আয় দেখিয়েছিলেন চার লাখ ৩৪ হাজার ১০০ টাকা।