সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-১৩ আসনের নাগরিক সমাজের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে ববি হাজ্জাজ মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি অভিযোগ করে বলেন, কারাবন্দি অবস্থায় ভুল চিকিৎসা ও ভুল ওষুধ প্রদানের মাধ্যমে ধীরে ধীরে তাকে বিষপ্রয়োগের শিকার করা হয়েছে, যা ছিল চরম অমানবিক ও নিন্দনীয়।
তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক আপসহীন প্রতীক। তার সঙ্গে যা করা হয়েছে, তা ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে।’
এ সময় তিনি ঢাকা-১৩ এলাকার বর্তমান সামাজিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, অপরাধ ও কিশোর গ্যাং এই এলাকার শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। নির্বাচিত হলে ঢাকা-১৩ থেকে সকল প্রকার অপরাধ নির্মূল এবং কিশোর গ্যাং দমনে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন তিনি।
বক্তব্যের শেষে ববি হাজ্জাজ মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীর প্রতি ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন