ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০২:০১ এএম
ছবি: সংগৃহীত

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় ডা. শফিকুর রহমানকে লক্ষ্য করে একদল যুবক ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ উল্লেখ করে স্লোগান দেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ২২ মিনিটে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ডা. শফিকুর রহমান। 

শ্রদ্ধা নিবেদন শেষে ডা. শফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলতে শুরু করলে একদল যুবক তাকে উদ্দেশ্য করে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালালেরা হুঁশিয়ার’, এ ধরনের স্লোগান দিতে থাকেন। এর প্রতিক্রিয়ায় সেখানে উপস্থিত জামায়াতের নেতাকর্মীরাও পাল্টা স্লোগান দিতে শুরু করেন। তারা ‘ভাষা সৈনিক গোলাম আযম’কে ঘিরে স্লোগান দেন। এতে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করেন এবং নিরাপত্তা বলয় তৈরি করেন। পরে ডা. শফিকুর রহমান ও তার সঙ্গে থাকা নেতারা শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।

এ সময় সঙ্গে ছিলেন বিরোধীদলীয় হুইপ ও ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।