× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৩:৪৬ এএম

বিএনপির এমপিদের ২ দিনের প্রশিক্ষণ কর্মশালা, যা শেখানো হয়েছে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৩:৪৬ এএম

প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করেছে বিএনপি। আগামী ১২ মার্চ বসছে নতুন সংসদের প্রথম অধিবেশন। এর আগে নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) নিয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে ক্ষমতাসীন দলটি।

গত ৬ মার্চ রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এ কর্মশালার উদ্বোধন করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হলেও নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে তিনিও প্রশিক্ষণার্থীদের সারিতে বসেন। এ সময় তার একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন।

কর্মশালার দ্বিতীয় দিনের অধিবেশন উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, জাতীয় সংসদে এমপিদের দায়িত্ব, সংসদীয় রীতিনীতি এবং মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা।

রাজনীতি বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমদ এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, সংসদ অধিবেশন শুরুর আগে ক্ষমতাসীন দলের এমপিদের প্রশিক্ষণ দেওয়া একটি ভালো উদ্যোগ। নতুন সদস্যদের সংসদীয় রীতিনীতি সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলে অনেক বিষয়ে তারা সমস্যায় পড়তে পারেন। অতীতে সংসদে নানা বিতর্ক ও অনাকাঙ্ক্ষিত আচরণের ঘটনাও ঘটেছে। এ ধরনের কর্মশালা এমপিদের দায়িত্ব পালনে সহায়ক হতে পারে বলে তিনি মনে করেন।

কর্মশালায় কী শেখানো হয়েছে

কর্মশালায় অংশ নেওয়া কয়েকজন সংসদ সদস্য জানান, প্রথম দিনে উদ্বোধনী বক্তব্য দিলেও একপর্যায়ে তারেক রহমান নিজেও প্রশিক্ষণার্থীদের সারিতে বসেন। কারণ তিনিও প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তারা জানান, কর্মশালায় সংসদে পয়েন্ট অব অর্ডার উত্থাপন, বিল প্রণয়ন ও পর্যালোচনা, সংসদে বক্তব্য দেওয়া, নিজ নিজ এলাকার সমস্যা সংসদে উপস্থাপন, রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা এবং সংসদে উপস্থিতি নিশ্চিত করার নিয়ম-কানুন নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, আমি প্রথমবারের মতো সংসদে যাচ্ছি। সংসদের অনেক নিয়ম-কানুন সম্পর্কে আগে পরিষ্কার ধারণা ছিল না। কর্মশালায় অংশ নিয়ে অনেক বিষয়ে পরিষ্কার ধারণা পেয়েছি। বিশেষ করে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়া এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে কথা বলার নিয়ম সম্পর্কে জেনেছি।

তিনি আরও জানান, ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক এবং আইনমন্ত্রী আসাদুজ্জামান কর্মশালায় বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন।

একই অভিজ্ঞতার কথা জানান ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান। তিনি বলেন, নতুন এমপিদের সংসদে বক্তব্য দেওয়া, কার্যপ্রণালী বিধি, পয়েন্ট অব অর্ডার, সম্পূরক প্রশ্ন, ওয়াকআউট, একাত্তর বিধি, রাষ্ট্রপতির ভাষণ ও শোক প্রস্তাবসহ বিভিন্ন সংসদীয় বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত কিছু বইও তাঁদের সরবরাহ করা হয়েছে।

বিএনপিতে এমপি প্রশিক্ষণের ইতিহাস

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রথম এমপিদের প্রশিক্ষণ কর্মশালার উদ্যোগ নেন। ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর তিনি এ উদ্যোগ গ্রহণ করেন।

ওই নির্বাচনে বিএনপি ২০৭টি আসনে জয়লাভ করেছিল। তখন নবনির্বাচিত সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম, বিধিমালা, বাজেট ও বিল প্রণয়ন, স্থায়ী কমিটির কাজ এবং সংসদীয় আচরণবিধি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জিয়াউর রহমানই প্রথম এ ধরনের কর্মশালার আয়োজন করেছিলেন। এবারের কর্মশালায় সংবিধান, কার্যপ্রণালী বিধি, সংসদীয় রীতিনীতি এবং বিশ্বের শক্তিশালী গণতান্ত্রিক দেশগুলোর সংসদীয় চর্চা নিয়ে আলোচনা হয়েছে।

বাবার পথ অনুসরণ করলেন তারেক রহমান

বিএনপি নেতাদের মতে, জিয়াউর রহমানের পথ অনুসরণ করেই তারেক রহমান এ উদ্যোগ নিয়েছেন। তাদের মতে, প্রশিক্ষণার্থীদের সারিতে বসে তারেক রহমানের অংশগ্রহণ নতুন সংসদ সদস্যদের জন্য একটি ইতিবাচক বার্তা দিয়েছে।

দলের নেতারা জানান, প্রথমবার নির্বাচিত হওয়া প্রায় ১৪৬ জন এমপি এ কর্মশালা থেকে সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, নতুন এমপিদের সংসদীয় কার্যপ্রণালী সম্পর্কে অভিজ্ঞতা কম থাকায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। একটি আধুনিক ও কার্যকর সংসদীয় সংস্কৃতি গড়ে তোলাই এর লক্ষ্য।

কর্মশালায় অংশ নিলেন জাইমা রহমান

সংসদ সদস্য না হলেও দুই দিনের কর্মশালায় অংশ নেন তারেক রহমানের একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বাবার সঙ্গে প্রশিক্ষণার্থীদের সারিতে বসে কর্মশালায় অংশ নেন।

দলের এক ভাইস চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভবিষ্যতে দেশের জন্য কাজ করার প্রস্তুতি হিসেবেই হয়তো তিনি এ কর্মশালায় অংশ নিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!