এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সংবিধানের দোহাই দিয়ে ‘জুলাই সনদ’ অস্বীকার করা যাবে না। সংবিধান সংস্কার পরিষদ গঠনে সরকার এগিয়ে না এলে ঈদের পর সংসদ ও সংসদের বাইরে থেকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করা হবে বলেও জানান তিনি।
শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর বেরাইদ এলাকার পূর্বপাড়া জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরেরর নামাজ আদায় শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমেই সংবিধান সংস্কার পরিষদের শপথ হওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় হতাশা সৃষ্টি হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সরকার এ বিষয়ে পদক্ষেপ না নিলে বিরোধীদল হিসেবে তারা সংসদে এবং রাজপথে চাপ সৃষ্টি করবে।
তিনি আরও বলেন, সংবিধানের বাইরে থেকেই গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল, তাই সংবিধানের অজুহাতে জুলাই সনদকে উপেক্ষা করা যাবে না। এটি বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।
একই সঙ্গে তিনি বলেন, একটি সরকারের কাজের মূল্যায়ন বা সমালোচনার জন্য এক মাস যথেষ্ট সময় নয়। সরকারকে মূল্যায়নের জন্য আরও সময় দেওয়া উচিত।
নাহিদ ইসলাম আরও জানান, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণসহ কিছু কাজ দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা হয়েছে।
-20260321092848.webp)

