জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিকভাবে আলোচনায় থাকার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
শুক্রবার (৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আবু হানিফ লেখেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাম্প্রতিক সময়ে রাজনৈতিকভাবে আলোচনায় থাকার জন্য পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর রাজনীতিতে নেমেছে। আজও তারা গণমাধ্যমে এমন একটি ভিত্তিহীন তথ্য পরিবেশন করেছে যে, এনসিপির মহানগর উত্তরের কমিটিতে গণঅধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা যোগদান করেছেন।
তিনি দাবি করেন, গণঅধিকার পরিষদ কিংবা যুব অধিকার পরিষদের কোনো পর্যায়ের নেতাকর্মী এনসিপিতে যোগ দেননি।
আবু হানিফ আরও লেখেন, এটি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিকভাবে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা। এ ধরনের মনগড়া তথ্য গণমাধ্যমে ছড়িয়ে তারা কৃত্রিমভাবে নিজেদের রাজনৈতিক গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছে।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে এনসিপির রাজনীতিতে একটি প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে। বাস্তব রাজনৈতিক শক্তি ও জনসম্পৃক্ততার পরিবর্তে দলটি গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারণার ওপর নির্ভর করছে।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, গণতান্ত্রিক রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, আদর্শিক প্রতিযোগিতা থাকতে পারে। কিন্তু মিথ্যা তথ্য ছড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা কখনোই সুস্থ রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না।
আবু হানিফের অভিযোগ, এনসিপির নেতাকর্মীদের পক্ষ থেকে আরও একটি গুজব ছড়ানো হয়েছে যে, বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য এনসিপিতে যোগ দিতে যাচ্ছেন। তবে এ তথ্যেরও কোনো ভিত্তি নেই বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, এটি সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা ছাড়া কিছুই নয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন