রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এক কেন্দ্রীয় নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নিষিদ্ধ সংগঠনের দুটি ব্যানার উদ্ধার করা হয়।
বুধবার (২০ মে) সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে তুরাগ থানাধীন ১৫ নম্বর সেক্টর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি শিপন সেওজাল (৪৩), ছাত্রলীগ কর্মী মিজানুর রহমান ওরফে নিহাজ খান (৩৭) এবং রায়হান আলী (২৪)।
তুরাগ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের একটি টিম। অভিযানের সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুটি ব্যানারসহ তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নির্দেশে তারা সেখানে জড়ো হয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করা। এ ছাড়া তারা নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল বলেও দাবি করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে তুরাগ থানা পুলিশ।


