ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে বরিশালে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে বরিশাল নগরীর বান্দরোডে হেলিকপ্টার অবতরণ করে তাকে বহনকারী বাহন।
এরপর গাড়িবহর নিয়ে দুপুর ১২টা ২০ মিনিটে বেলস্ পার্ক মাঠের জনসভা মঞ্চে পৌঁছান তারেক রহমান। মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশে হাত তুলে অভ্যর্থনা জানান তিনি। এ সময় সমর্থকরা করতালি ও স্লোগানে তাকে স্বাগত জানান।
জনসভার আনুষ্ঠানিকতা দুপুর সোয়া ১১টায় কোরআন তেলাওয়াত ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয়। শুরুতে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লা আমান। এরপর বরিশাল বিভাগের বিভিন্ন জেলার নেতারা বক্তব্য দেন।
দীর্ঘ দুই দশক পর বরিশালে এটি তারেক রহমানের প্রথম সফর। এ সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
জনসভায় সভাপতিত্ব করেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। মহানগরের সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার ও বরিশাল দক্ষিণ জেলার সদস্য সচিব আবুল কালাম শাহীন যৌথভাবে সমাবেশ পরিচালনা করেন।
মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দির আহমেদ বীরবিক্রম, চেয়ারম্যানের উপদেষ্টা ও সদর আসনে ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার, উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনে জোটের প্রার্থী আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের সভাপতি ও জোট প্রার্থী নুরুল হক নুর, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরীনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সকাল থেকেই বেলস পার্ক ও আশপাশের এলাকায় জনস্রোত দেখা যায়। বরিশাল বিভাগের ছয় জেলার লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশে উপস্থিত হন। স্থানীয় বিএনপি নেতাদের মতে, তারেক রহমানের উপস্থিতি দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটাবে।


