ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তারেক রহমানকে অভ্যর্থনা দিতে স্থান যাচাই-বাছাই চলছে : সালাহউদ্দিন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৫:১৬ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি- সংগৃহীত

সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিশেষভাবে অভ্যর্থনা জানাতে দলের পক্ষ থেকে জায়গা যাচাই-বাছাই চলছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

সালাহউদ্দিন বলেন, তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে অভ্যর্থনা টিমের সদস্য ও নিরাপত্তা প্রধানকে নিয়ে বিমানবন্দরে বৈঠক হয়েছে। মূলত তিনি বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে কীভাবে আসবেন, সে বিষয়ে আলোচনা হয়েছে।

সালাহউদ্দিন জানান, পুরো সড়কপথের নিরাপত্তা এবং অন্যান্য বিষয়েও সরকারের সঙ্গে বৈঠক হবে। এখন অভ্যর্থনার জায়গাগুলো যাচাই-বাছাই চলছে, তিনি বলেন।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সমাবেশে উপস্থিতি হবে ঐতিহাসিক। সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কমিটির সদস্যরা আপ্রাণ কাজ করছেন।

সূত্রে জানা গেছে, লন্ডন সময় ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তিনি বাংলাদেশের উদ্দেশে বিমানের ফ্লাইটে রওনা দেবেন। বাংলাদেশ সময় ২৫ ডিসেম্বর সকালে ঢাকার মাটিতে পা রাখবেন ১৭ বছর নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এদিকে, তারেক রহমানের সঙ্গে ঢাকায় আসবেন তার একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর রাখতে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানের জন্য গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাড়িটি প্রায় প্রস্তুত। কোনো কারণে সম্পূর্ণ প্রস্তুতি না হলে পাশের ফিরোজায় তার মায়ের ভাড়া বাসায় থাকবেন তিনি। দেশে ফিরে তিনি গুলশানের চেয়ারপারসনের কার্যালয় থেকে অফিস করবেন। এ লক্ষ্যে ৮৬ নম্বর রোডের কার্যালয়ে নিরাপত্তা বৃদ্ধি এবং সংস্কার কাজও প্রায় শেষ।