সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় তারেক রহমানের আগমনের কথা থাকলেও এখনো তিনি সভাস্থলে পৌঁছাননি।
দলীয় সূত্র জানায়, বগুড়ার শেরপুরে একটি মতবিনিময় সভা শেষে তিনি সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে নির্ধারিত সময়ের আগেই সিরাজগঞ্জ ও আশপাশের জেলা থেকে হাজার হাজার মানুষ জনসভাস্থলে উপস্থিত হতে শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিসিক শিল্প পার্কের পরিবেশ ক্রমেই প্রাণবন্ত হয়ে উঠছে।
বড় বড় মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসছেন। একই সঙ্গে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিএনপি মনোনীত সংসদীয় প্রার্থীরাও মঞ্চে উপস্থিত রয়েছেন। প্রচণ্ড রোদ উপেক্ষা করেই জনসভাস্থলে নেতাকর্মীদের ঢল নেমেছে, যেখানে নারীরাও উল্লেখযোগ্য অংশ নিচ্ছেন।
এর আগে দুপুর ১২টায় আইনশৃঙ্খলা বাহিনী মঞ্চ ও আশপাশের এলাকা তল্লাশি করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। তারেক রহমানের আগমন ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সিরাজগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশ, র্যাব ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন