ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত করা ঠিক হবে না’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৩:০৭ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের মতো জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় ছাত্রদের সম্পৃক্ত করা ঠিক হবে না। এই কাজে যুক্ত হলে তারা এবং তাদের শিক্ষাপ্রতিষ্ঠান বিতর্কিত হতে পারে। সে জন্য তাদের নির্বাচন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত না করা উত্তম।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বিএনপি এই আহ্বান জানিয়েছে। 

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নজরুল ইসলাম খান বলেন, আমরা কমিশনকে জানিয়েছি যে অল্প বয়সি ছাত্রদের সংসদ নির্বাচনের মতো জটিল প্রক্রিয়ায় যুক্ত করা উচিত নয়। আইনে যাদের দায়িত্ব নির্ধারিত, তাদেরই নির্বাচনি কাজে রাখা উচিত। শোনা যাচ্ছে, ছাত্রদের পর স্কাউটদেরও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা হতে পারে। কমিশন আমাদের যুক্তি স্বীকার করেছেন এবং এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

নজরুল ইসলাম খান আরও বলেন, নির্বাচনি এলাকায় ‘শান্তি কমিটি’ গঠনের বিষয়টি আমাদের কাছে অপ্রিয়। যদিও কমিশন নিশ্চিত করেছেন, এ ধরনের কোনো কমিটি তারা গঠন করেনি। এ ছাড়া লক্ষ্য করেছি, কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজের এলাকায় না থেকে অন্য নির্বাচনি এলাকায় কাজ করছেন। ভোটের অন্তত দুই দিন আগে বহিরাগতদের এলাকা ত্যাগ করা উচিত। কমিশন এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

তিনি জানান, প্রায় ৫৫ হাজারের বেশি স্থানীয় পর্যবেক্ষককে অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে অনেক অপরিচিত প্রতিষ্ঠানও রয়েছে। আমাদের মতে, যারা দক্ষ, তাদেরই দায়িত্ব থাকা উচিত। অতিরিক্ত পর্যবেক্ষক যেন ভোটকেন্দ্রে বিঘ্ন না সৃষ্টি করে, তাও লক্ষ্য রাখতে হবে।

বৈঠকে বিএনপির নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছিল।