নির্বাচন কমিশন পক্ষপাত অবলম্বন করছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর খিলগাঁও বাজারে গণসংযোগকালে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, নির্বাচনের পরিবেশ ভালো না। কারণ আচরণবিধিতে উল্লেখ আছে কারো বিরুদ্ধে আক্রমণাত্মক বা উসকানিমূলক কথা বলা যাবে না। কিন্তু আমার এখানে হচ্ছে। এবং টার্গেট কিন্তু আমি। আর কাউকে টার্গেট করছে না। যারা মিথ্যাচার করছেন ইহকাল ও পরকালে তাদের জবাব দিতে হবে।
তিনি বলেন, ইসির দায়িত্ব হচ্ছে এসব বিষয়ের দিকে নজর দেওয়া। নির্বাচন কমিশন পক্ষপাত অবলম্বন করছেন অভিযোগ করে আব্বাস বলেন, তা না হলে এত অপবাদ ও মিথ্যাচার করার পরও কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন! অভিযোগও জানানো হয়েছে। কোনো কর্ণপাত নেই।
বিএনপির এই নেতা বলেন, ‘আমার এলাকার ২ লাখ ৮০ হাজার ভোটের মধ্যে অর্ধেক ভোটারই নেই। কিংবা অর্ধেক ভোটার পাওয়া যাচ্ছে না। এই ভোটারগুলো কারা? যদি এসব ভোটার না পাওয়া যায় তাহলে নির্বাচন কমিশনকে বলব, এসব ভোটার বাতিল করার জন্য। তা না হলে সত্যিকারের রেজাল্ট আসবে না।’
তিনি বলেন, ‘কর্মজীবী মহিলা সম্পর্কে স্বাধীনতাবিরোধী একটি দলের শীর্ষনেতা যে অশ্লীল ও নোংরা মন্তব্য করেছেন তা আমি মুখে আনতে চাই না। আমাদের ধর্মে কোথাও লেখা নেই যে, নারীরা কর্ম করতে পারবে না। বরং নারীদের সমঅধিকার দেওয়া হয়েছে। আমি এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি নারী সমাজকে এসব দলের প্রতি নজর রাখার আহ্বান জানাচ্ছি।’
মির্জা আব্বাস বলেন, ‘গণমাধ্যম আমাদের বিরুদ্ধেও অনেক সময় অনেক কিছু লিখেছে। কিছু বলিনি। কারণ, আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি। একটি অর্বাচীন বালক গণমাধ্যমকে অ্যাটাক করে যে ভাষায় কথা বলছেন তা পক্ষান্তরে গণমাধ্যমকে হুমকি দিচ্ছেন। এর জন্য ৭১-এর যুদ্ধ হয়নি, এর জন্য ২৪ সংঘটিত হয়নি।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন