৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে জামায়াতের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। এ ঘটনায় আমরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। তবে এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালটির লাইসেন্স বাতিল করা সঠিক সিদ্ধান্ত হয়নি।
তিনি আরও বলেন, তদন্তের মাধ্যমে যদি কোনো অবহেলা, ত্রুটি বা অপরাধ প্রমাণিত হয়, তবে আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু লাইসেন্স বাতিল করে হাসপাতাল বন্ধ করে দেওয়া উচিত হয়নি।
জামায়াত আমির বলেন, ‘গরিবের হাসপাতাল’ হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে মানসম্মত সেবা দিয়ে জনগণের আস্থা অর্জন করেছিল। এর লাইসেন্স বাতিলের ফলে শেষ পর্যন্ত সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হবে।
তিনি আরও উল্লেখ করেন, এটি একটি মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে প্রায় ৪০০ থেকে ৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং পাশাপাশি নার্সিং কোর্সও চালু রয়েছে। এখন এসব শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, জনস্বার্থ ও শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, তবে হাসপাতাল বন্ধ করে দেওয়া সমীচীন নয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন