দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা অবনতি এবং সীমান্ত আগ্রাসনের প্রতিবাদে আগামী ১২ ও ১৫ জুন দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।
বুধবার (১০ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে জোটের শীর্ষ নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সংসদে ভূমিকা পালনের পাশাপাশি রাজপথেও আন্দোলন অব্যাহত থাকবে। এটি জোটের তৃতীয় ধাপের কর্মসূচি হিসেবে চলমান আন্দোলনের অংশ বলেও উল্লেখ করা হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১২ জুন দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে একযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এরপর ১৫ জুন একযোগে চট্টগ্রামে সমাবেশ এবং রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও বিশাল সমাবেশ করবে ১১ দলীয় জোট।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ভিনদেশের স্বার্থ চরিতার্থ করতে সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।
সীমান্তে পুশইন ও হত্যাকাণ্ড যে কোনো মূল্যে প্রতিহত করা হবে ঘোষণা দিয়ে তিনি সরকারের গণবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে রাজপথে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সরকারের ১০০ দিনের দেশ পরিচালনায় জনগণের অধিকার রক্ষার কোনো প্রতিফলন দেখা যায়নি উল্লেখ করে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন