ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রাশেদ আলী সিলেট জেলার ‘শ্রেষ্ঠ সহকারী শিক্ষক-২০২৬’ নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বাছাইপর্ব শেষে জেলা শিক্ষা পদক কমিটি তাকে ‘শ্রেষ্ঠ সহকারী শিক্ষক-২০২৬’ ঘোষণা করে।
মো. রাশেদ আলী সিলেটের ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নস্থ আটগাঁও গ্রামের মরহুম মছকদ আলী এবং মরহুমা বেগম সুরেতুন নেছার পুত্র। তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের সাথে জড়িত। তিনি বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক।
দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি করে আসছেন এবং সাহিত্য ম্যাগাজিন ‘শেওড়া’ সম্পাদনা করেন। তার সম্পাদিত ‘নীলাকাশ’ কাব্যগ্রন্থ ২০০৮ সালে প্রকাশিত হয়। এ ছাড়াও ‘ষোল পদ্মের সরোবর’ যৌথ কাব্যগ্রন্থেরও লেখক তিনি।
সিলেট জেলা শিল্পকলা একাডেমি থেকে চিত্রকলায় তিনি দুইবছর মেয়াদি (২০১০-২০১১) কোর্স সম্পন্ন করেন।
উল্লেখ্য যে, তিনি ২০১৮ সালের অক্টোবরে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। তিনি এমসি কলেজ, সিলেট থেকে ২০১২ সালে প্রাণিবিদ্যা বিভাগ থেকে প্রথম শ্রেণিতে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন