নেত্রকোনার কলমাকান্দা থানার ওসি মো. আবুল হাশেমের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। প্রায় ১১ মিনিট ২৭ সেকেন্ডের ওই অডিওতে পুলিশের চাকরিকে ‘বিজনেস’ হিসেবে উল্লেখসহ বিভিন্ন বিতর্কিত মন্তব্য করতে শোনা গেছে।
শনিবার (৩০ মে) সন্ধ্যায় ছড়িয়ে পড়া অডিওটি কলমাকান্দা থানার ওসির দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে।
ভাইরাল হওয়া অডিওতে (দাবি করা) ওসি আবুল হাশেম বলেন, পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস। কিন্তু সবাই বিজনেসের সঙ্গে জড়িত না। যারা করে তাদের করার মতো করতে হবে।
তিনি আরও বলেন, ওসির সঙ্গে সমন্বয় করে চলবেন, আমি আপনাদের ঠকাব না। আমরা যেন সবাই ভালো থাকতে পারি।
অডিওতে আরও বলতে শোনা যায়, আমার যারা কনস্টেবল আছে তারাও যেন বঞ্চিত না হয়। এছাড়া অভিযোগ, মামলা এবং বিভিন্ন ধরনের আর্থিক লেনদেনের প্রসঙ্গও আলোচনা করতে শুনা গেছে। এক পর্যায়ে বলতে শোনা যায়, মামলা হয়েছে, এখন টাকা নিয়েছে—এমন খবরও এসেছে। আপনারা যা করবেন, আমার মাধ্যমেই তো করবেন।
এছাড়া ধর্মীয় প্রসঙ্গ টেনে বলতে শোনা যায়, হক মারা আমি পছন্দ করি না। যারা হক মেরে খায়, রাসুল তাদের শাফায়াত করবে না। এছাড়া ‘গুপ্ত’ শব্দ ব্যবহার করে রাজনৈতিক বিষয় নিয়েও মন্তব্য করতে শোনা গেছে।
তবে অডিওতে ওসির সঙ্গে কথোপকথনে থাকা অপর ব্যক্তির তেমন কোনো বক্তব্য স্পষ্টভাবে শোনা যায়নি।
এবিষয়ে জানতে চাইলে কলমাকান্দা থানার ওসি মো. আবুল হাশেম সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এমন কোনো কথা বলিনি। ভাইরাল হওয়া অডিওটি আমার নয়। আমি এ ধরনের কথা বলতেই পারি না।
ভাইরাল হওয়া অডিওটি তার কণ্ঠস্বর কি না এবং বিষয়টি তদন্ত করা হবে কি না—এ বিষয়ে মন্তব্য জানতে নেত্রকোণা জেলা পুলিশ সুপারের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন