নারায়ণগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, উন্নয়ন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের জন্য নয়, এটি এলাকার প্রতিটি মানুষের অধিকার। একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য সোনারগাঁ গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যতে চাই।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সোনারগাঁ উপজেলা বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী ক্লিনিক থেকে হামছাদী উত্তরপাড়া বায়তুন নুর জামে মসজিদ পর্যন্ত ১ হাজার ৩০০ ফুট দীর্ঘ আরসিসি (RCC) ঢালাই সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি মান্নান বলেন, নির্বাচনের আগে সোনারগাঁয়ের মানুষের কাছে যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা ধাপে ধাপে বাস্তবায়ন করে যাচ্ছি। কোনো এলাকার মানুষ যেন কাঁচা রাস্তা, জলাবদ্ধতা কিংবা দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে কষ্ট না পায়, সে লক্ষ্যেই কাজ চলছে। সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়নে প্রয়োজনভিত্তিক এই উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম হক রুমি, আতাউর রহমান, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সংসদ সদস্যের পুত্র খাইরুল ইসলাম সজিব, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, যুবদল নেতা মাহফুজ খানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। আরসিসি ঢালাই সড়ক নির্মিত হলে এলাকার কয়েক হাজার মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন