× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৮:৪৬ পিএম

রামমূর্তি নির্মাণের ঘোষণায় আলোচিত হরিদাস এবার ময়মনসিংহ কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৮:৪৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার ‘রামমূর্তি’ নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণীকে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ময়মনসিংহের একটি আদালত।

মঙ্গলবার (২১ জুলাই) ময়মনসিংহ জেলা যুগ্ম দায়রা জজ (অর্থ ও ঋণ) আদালতের বিচারক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আনোয়ার আজিজ টুটুল।

তিনি জানান, ঢাকা জেলার একটি মামলায় গ্রেপ্তার হওয়ার পর ফুলবাড়িয়া থানার পুলিশ প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে হরিদাস চন্দ্র তরণীকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করে। আদালত আবেদন মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, কোতোয়ালি সিআর মামলা নম্বর ১৪৯১/২০১২ (এনআই অ্যাক্টের ১৩৮ ধারা) মামলায় বিচার শেষে হরিদাস চন্দ্র তরণীকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। মামলার রায় ঘোষণার পর তিনি পলাতক ছিলেন। সম্প্রতি অন্য একটি মামলায় ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর তাঁকে এই সাজাপ্রাপ্ত মামলায় আদালতে হাজির করা হয়।

এর আগে গত ১২ জুলাই সিআইডি তাকে অর্থ পাচারের একটি মামলায় গ্রেপ্তার করে। অভিযোগ রয়েছে, তার ব্যাংক হিসাবে ৯ কোটি ৩৫ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেন হয়েছে। চার দিনের রিমান্ড শেষে গত ১৬ জুলাই তাকে কারাগারে পাঠানো হয়।

হরিদাস চন্দ্র তরণীর বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের কোমরপুরের মধ্যরামচন্দ্রপুর (নয়াপাড়া) গ্রামে। তিনি মৃত গোপীনাথ চন্দ্র তরণী দাসের ছেলে। ১৯৯১ সালে জন্ম নেওয়া হরিদাস ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ভারতে চলে যান। সেখানে উচ্চমাধ্যমিক শেষ করে ইলেকট্রনিক্স বিষয়ে প্রশিক্ষণ নেন। ২০১০ সালে দেশে ফিরে রাজধানীর উত্তরায় পুরোনো শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্র মেরামতের কাজ শুরু করেন।

গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৯ সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ‘তাওহীদ ইসলাম’ নাম ধারণ করেন এবং ময়মনসিংহের ফুলবাড়িয়ার এক তরুণীকে বিয়ে করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক কথিত ব্যবসার সময় তার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের পরিচয় গড়ে ওঠে। পরে শেখ হাসিনার সঙ্গে নিজের ছবি ব্যবহার করে চাকরি, বদলি ও টেন্ডার পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ ওঠে। এসব অভিযোগে ২০১৮ সালে র‍্যাব তাকে গ্রেপ্তার করেছিল।

চলতি বছরের জুনে গাইবান্ধার পলাশবাড়ীতে দেশের বৃহত্তম ৮১ ফুট উচ্চতার ‘রামমূর্তি’ নির্মাণের ঘোষণা দিয়ে নতুন করে আলোচনায় আসেন হরিদাস। তবে ধর্মীয় সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করে জুনের শেষ দিকে স্থানীয় শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমিটি ওই মূর্তি নির্মাণকাজ স্থগিতের ঘোষণা দেয়।

Link copied!