সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন আলোচিত ইসলামি বক্তা মাওলানা রফিক উল্লাহ আফসারী। এ সময় তিনি বলেন, গাজী নজরুল চাইলে আরও দুটি বিয়ে করতে পারেন, কারণ ইসলামে একাধিক বিয়ের অনুমতি রয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় রফিক উল্লাহ আফসারী বলেন, স্বামী-স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল করে কাউকে হেয় করা উচিত নয়। তার ভাষ্য, বিবাহ একটি পবিত্র সম্পর্ক এবং এটি আল্লাহ ও তার রাসুল (সা.)-এর পক্ষ থেকে মানবজাতির জন্য একটি গুরুত্বপূর্ণ বিধান।
বক্তব্যের শুরুতে তিনি হজরত উমর (রা.), হজরত আবু বকরসহ (রা.) সাহাবিদের বৈবাহিক জীবনের বিভিন্ন ঘটনা উল্লেখ করে বলেন, এসব ঘটনা থেকে বোঝা যায়, দাম্পত্য জীবনে ভালোবাসা ও আন্তরিকতা ইসলামের স্বাভাবিক শিক্ষা।
গাজী নজরুল ইসলামকে উদ্দেশ করে তিনি বলেন, গাজী নজরুল ইসলাম ভাই, সাতক্ষীরা শহরের সম্মানিত এমপি, একামতে দ্বীনের অতন্দ্র প্রহরী, কোটি কোটি মুসলমানের কলিজা। তাদের স্বামী-স্ত্রীর ভিডিও ভাইরাল করে কী শান্তিটা পেলেন?
মিডিয়ার সমালোচনা করে রফিক উল্লাহ আফসারী বলেন, বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এটি বড় কোনো অপরাধ। তার দাবি, বিবাহিত জীবনের ব্যক্তিগত মুহূর্ত জনসমক্ষে ছড়িয়ে দেওয়া সমাজে নেতিবাচক প্রভাব ফেলে এবং এতে ভালো মানুষও বিব্রত হন।
তিনি আরও বলেন, উচিত হচ্ছে আমার গাজী নজরুল ইসলাম ভাই আরও দুইটা বিয়ে করা। হালাল জিনিস, এটাতে কোনো শরম নেই। একই সঙ্গে যারা এ ধরনের ভিডিও ভাইরাল করছেন, তাদের একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ভিডিওবার্তার শেষ দিকে গাজী নজরুল ইসলামের জন্য দোয়া করে তিনি বলেন, আল্লাহ যেন তার গুনাহ মাফ করেন, উত্তম জীবন দান করেন এবং তার বংশের মর্যাদা কিয়ামত পর্যন্ত অটুট রাখেন।
উল্লেখ্য, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সোমবার (২০ জুলাই) রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন