চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা-সংক্রান্ত দাবিতে আন্দোলনের পেছনে বিরোধীদল ও ‘পতিত স্বৈরাচারের’ ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতা রাশেদ খান।
বুধবার (১৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে দেওয়া এক পোস্টে এমন দাবি করেন বিএনপির এ নেতা।
আন্দোলনকারীদের কর্মসূচি এবং সরকারের অবস্থান নিয়ে পোস্টে রাশেদ খান লেখেন, ‘দেড় থেকে দুই শ শিক্ষার্থী সারা ঢাকা শহর অচল করে রেখেছে। এর ফলে অন্তত এক থেকে দেড় কোটি মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। শিক্ষার্থী হওয়ার কারণে সরকার ও প্রশাসন কোনো কঠোর পদক্ষেপ নিতে পারছে না। অনেকেই এটিকে সরকারের দুর্বলতা মনে করছেন। তবে বর্তমান বাস্তবতায় সরকারকে অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে হচ্ছে।’
তিনি আরও দাবি করেন, ‘এর পেছনে বর্তমান বিরোধী দল ও পতিত স্বৈরাচারের ইন্ধন রয়েছে। সরকার কোনো ভুল করলে তারা সেটিকে কাজে লাগিয়ে মাঠে আন্দোলন গড়ে তুলতে চায়। এর সঙ্গে আন্তর্জাতিক ষড়যন্ত্রও রয়েছে। তাই সরকারকে খুব সাবধানে পা ফেলতে হচ্ছে।’
আন্দোলনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান। তিনি বলেন, তাদের ছাত্রজীবনে পরীক্ষা শেষে বিশ্রাম নিয়ে পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নেওয়াই ছিল স্বাভাবিক বিষয়। বর্তমানে আন্দোলনে অংশ নেওয়া কিছু শিক্ষার্থীর মুখে ‘প্রশ্ন সহজ করতে হবে’ এমন দাবিও তিনি শুনেছেন বলে পোস্টে উল্লেখ করেন রাশেদ। এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, প্রশ্ন সহজ করার দাবিতে আন্দোলন যৌক্তিক নয়।
পোস্টে তিনি আরও লেখেন, সরকার ইতোমধ্যে শিক্ষার্থীদের দাবি দাওয়ার বিষয়ে পদক্ষেপ নিয়েছে। এরপরও সড়ক অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করার পেছনে বিরোধী শিবিরের উসকানি রয়েছে বলে তিনি দাবি করেন।
সবশেষে রাশেদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে বলেন, পোস্ট ও মন্তব্যের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে। অন্যথায় ষড়যন্ত্রকারীরা আরও সক্রিয় হওয়ার সুযোগ পাবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন