ময়মনসিংহ নগরীতে ভবন নির্মাণে শৃঙ্খলা আনতে কঠোর অবস্থান নিয়েছে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)। এখন থেকে ভবনের নকশা অনুমোদনের আগে সরেজমিনে জমি পরিদর্শন করা হবে। এ ছাড়া নকশা অনুমোদনের তিন বছরের মধ্যে নির্মাণকাজ শুরু না হলে সেই অনুমোদন বাতিল করা হবে বলে জানিয়েছেন মউকের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
বুধবার (১৫ জুলাই) দুপুরে নগরীর গণপূর্ত ভবনে মউকের বিল্ডিং কনস্ট্রাকশন (বিসি) কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।
মোতাহার হোসেন তালুকদার বলেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আইন কার্যকর হওয়ার পর নগরীর সব ভবনের নকশা বিসি কমিটির অনুমোদনের মাধ্যমেই পাস হবে। অনুমোদনের আগে মন্ত্রণালয় থেকে নিয়োগপ্রাপ্ত পরিদর্শকরা সরেজমিনে জমি পরিদর্শন করবেন। রাস্তার সংযোগ, নির্ধারিত সেটব্যাক, খোলা জায়গা এবং অন্যান্য বিধিমালা প্রতিপালন করা হয়েছে কি না, তা যাচাইয়ের পরই নকশা অনুমোদন দেওয়া হবে।
তিনি জানান, নির্মাণকাজ শুরু হওয়ার পরও নিয়মিত তদারকি করা হবে। অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নকশা অনুমোদনের তিন বছরের মধ্যে নির্মাণকাজ শুরু না হলে সেই অনুমোদন বাতিল করা হবে।
মউক চেয়ারম্যান বলেন, প্রয়োজনীয় জনবল নিয়োগের পর নগরীর আগে থেকে নির্মিত ভবনগুলোও পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে। যেখানে সম্ভব ভবনের ত্রুটি সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে এবং বিধি লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা করা হবে। আদায়কৃত জরিমানার অর্থ মউকের তহবিলে জমা হয়ে নগর উন্নয়ন কাজে ব্যয় করা হবে। এছাড়া সব ভবনে পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতেও উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, আবাসন সংকট নিরসনে ব্রহ্মপুত্র নদের অপর পাড়ে পরিকল্পিত নতুন নগর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের জন্য আবাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি অফিস, পার্কসহ আধুনিক নাগরিক সুবিধা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে অধিগ্রহণ করা ৯৪৫ একর জমির একটি অংশ বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোতাহার হোসেন তালুকদার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিপ্রায় অনুযায়ী ব্রহ্মপুত্রের ওপারে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী গড়ে তুলতে মউক কাজ করছে। সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে পরিকল্পিত নগরায়নের জন্য মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজও চলমান রয়েছে।
নগরীর যানজট নিরসনে ময়মনসিংহকে মেট্রোপলিটন এলাকা ঘোষণা, প্রয়োজনীয় জনবল নিয়োগ, অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণ এবং সিটি করপোরেশনের সঙ্গে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি। অতীতে অতিরিক্ত যানবাহনের লাইসেন্স দেওয়ার কারণে যানজট বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সিটি প্রশাসকের উদ্যোগের সঙ্গে সমন্বয় করে যানজট সহনীয় পর্যায়ে আনতে কাজ করবে মউক।
জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, সিটি করপোরেশনের খালগুলো পুনঃখনন করা হলে সামান্য বৃষ্টিতেই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, তা অনেকাংশে দূর হবে।
এর আগে মউকের বিল্ডিং কনস্ট্রাকশন (বিসি) কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের সভাপতিত্বে নয় সদস্যের সবাই উপস্থিত ছিলেন, যার মধ্যে দুইজন সদস্য ভার্চুয়ালি অংশ নেন। সভায় সদস্য সচিব ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সিগ্ধা দাস, স্থাপত্য অধিদপ্তরের সাইকা বিনতে আলম, মউকের অথরাইজড কর্মকর্তা ইফতেখার আলম এবং পরিকল্পনা কর্মকর্তা ইশরাত জাহান উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন