ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শুক্রবার নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৭:১০ পিএম
বিএনপির লোগো। ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির মধ্যেই বিএনপি তাদের নির্বাচনি ইশতেহার ঘোষণার প্রস্তুতি সম্পন্ন করেছে। দলটির জানিয়েছে, আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তারা আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ করবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর নিশ্চিত করে বলেন, ‘আমরা নির্বাচনি ইশতেহারের চূড়ান্ত খসড়া প্রস্তুত করেছি এবং শুক্রবার তা প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।’

এর আগে, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এবং বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ইতোমধ্যেই ইশতেহারের কাজ গুছিয়ে এনেছি। এটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা ও দলের সাংগঠনিক অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি।’

মাহদী আমিন আরও বলেন, ‘বিএনপি এমন একটি দল যা জনগণের সঙ্গে নিবিড়ভাবে সংযুক্ত। আমরা দেশের নানা অঞ্চলে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছি, যার মধ্যে ৩১ দফা ও ২৭ দফার আলোকে সংগঠিত কর্মসূচি উল্লেখযোগ্য। এই অভিজ্ঞতা আমাদের নির্বাচনি ইশতেহার প্রণয়নে সাহায্য করেছে। জনমতের ভিত্তিতেই এখন এটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।’

এই ইশতেহার ঘোষণার মাধ্যমে বিএনপি তাদের নির্বাচনি প্রতিশ্রুতি ও পরিকল্পনা জনগণের কাছে তুলে ধরবে, যা দলের প্রচারণা এবং ভোট প্রভাবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। দেশব্যাপী রাজনৈতিক দলগুলো এখন তাদের প্রস্তুতি ত্বরান্বিত করছে, যেখানে নির্বাচনি ইশতেহার প্রকাশ এক গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।