ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় সরকার গঠন করছে। নতুন সরকার গঠনে জামালপুরবাসী বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাতকে রেলমন্ত্রী করার জন্য বিভিন্ন সামাজিক মাধ্যমে জোরালো আলোচনা চলছে।
গুরুত্ব বিবেচনায় রেলমন্ত্রীর দায়িত্ব এম. রশিদুজ্জামান মিল্লাতকে দিতে পারেন দলের চেয়ারম্যান তারেক রহমান। যদিও এটি দলীয় সিদ্ধান্তের বিষয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর–১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি ১ লাখ ৭২ হাজার ১১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী নাজমুল হক সাঈদী পেয়েছেন ৯৭ হাজার ৮২০ ভোট।
দুই প্রার্থীর মধ্যে ৭৫ হাজার ৮৩৬ ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৬৭ হাজার ২৭৭। আর ‘না’ ভোট পেয়েছে ২০ হাজার ৮০৫।
তিনি ২০০১ সালেও বিএনপির প্রার্থী হিসেবে জামালপুর-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি এলাকায় সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেন। বিভিন্ন গ্রামীণ সড়ক পাকা করা, গুরুত্বপূর্ণ স্থানে সেতু ও কালভার্ট নির্মাণ এবং বাজারকেন্দ্রিক রাস্তা সংস্কারের ফলে জনসাধারণের যাতায়াত সহজ হয়। এতে কৃষিপণ্য দ্রুত বাজারজাতকরণ সম্ভব হয়েছে।

তার সময়ে শিক্ষা খাতেও নেওয়া হয় নানা উদ্যোগ। নতুন স্কুল ও কলেজ ভবন নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং দরিদ্র শিক্ষার্থীদের সহায়তার ব্যবস্থা করা হয়। ফলে শিক্ষার পরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পায়।
স্বাস্থ্যসেবা খাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র সম্প্রসারণ এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহে ভূমিকা রাখেন তিনি। এতে সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি তুলনামূলক সহজ হয়েছে।
এ ছাড়া বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণ, সেচ সুবিধা বৃদ্ধি এবং কৃষকদের বিভিন্ন প্রণোদনা কর্মসূচি গ্রহণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধিতেও অবদান রাখেন তিনি। সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার এবং নির্মাণেও তার উল্লেখযোগ্য উদ্যোগ ছিল বলে স্থানীয়রা জানান।
স্থানীয় বাসিন্দাদের মতে, তার সময়কার এসব উন্নয়ন কার্যক্রম এলাকায় দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন