ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি আজ থেকে শুরু হচ্ছে। আগ্রহী প্রার্থীরা আজ থেকেই ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।
শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কার্যক্রম শুরু হবে। ফরম বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।
দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। এছাড়া ফরম জমা দেওয়ার সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত হিসেবে জমা দিতে হবে।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ইতোমধ্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তফশিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


