ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি সিঁথি ও চমক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০২:১৩ পিএম
জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এবং আলোচিত মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথি। ছবি : সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম কিনেছিলেন জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এবং আলোচিত মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথি। তবে সোমবার (২০ এপ্রিল) বিএনপি চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করলেও তালিকায় তাদের নাম দেখা যায়নি। ফলে এবারের নারী আসন নির্বাচনে তারা মনোনয়ন পাননি।

অন্যদিকে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী মানছুরা আক্তার।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মনোনীতদের নাম ঘোষণা করেন।

মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা।

রুহুল কবির রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার লক্ষ্যে জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করেন। সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড ৩৬ জনকে চূড়ান্তভাবে মনোনীত করে।

এর আগে গত শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয় বিএনপি। মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।