ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গণমানুষের আস্থা এখন বিএনপির ওপর : আমির খসরু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৫:৫১ পিএম
ছবি- সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণমানুষের আস্থা এখন বিএনপির ওপর। দেশের ক্রান্তিকালে মানুষ সব সময় বিএনপির ওপরই আস্থা রেখেছে। তারা আগে যেমন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ওপর আস্থা রেখেছিলেন, তেমনি এখন তারেক রহমানের ওপরও তাদের আস্থা রয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম মহানগরীর তার নির্বাচনী এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গণসংযোগকালে চট্টগ্রাম-১১ আসনের বিএনপি দলীয় প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের আস্থা অর্জন না করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কোনো লাভ হবে না। শেখ হাসিনাও অনেক ইঞ্জিনিয়ারিং করেছিলেন। শেখ হাসিনা এখন কোথায়? সবারই এ থেকে শিক্ষা নেওয়া উচিত।

জনগণের ওপর আস্থা হারিয়ে অন্য পন্থা অবলম্বন করলে দেশের ভবিষ্যৎ ও গণতন্ত্রের ভবিষ্যৎ ভালো হবে না—উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সবার কাছে অনুরোধ, ওই সব পথ ছেড়ে গণতন্ত্রের পথে আসুন।

নির্বাচিত সরকার নাগরিকদের কাছে দায়বদ্ধ—জানিয়ে আমির খসরু আরও বলেন, আজ নির্বাচনকে ঘিরে সকল নাগরিকের মধ্যে আনন্দ রয়েছে। তারা তাদের মালিকানা ফিরে পেয়েছে। তারা প্রতিনিধি নির্বাচন করবে। তারা তাদের প্রত্যাশিত ভোট দিতে পারবে।