ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

এইচএসসি পরীক্ষার্থীদের জামায়াত আমিরের শুভেচ্ছা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ১১:৫৭ পিএম
ছবি : সংগৃহীত

এইচএসসি-আলিম ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (২ জুলাই)। এ পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও সফলতা কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

শফিকুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিতব্য এইসএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। আমি সব শিক্ষার্থীর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সব শিক্ষার্থীর মেধাকে শানিত করে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে জীবনের পরবর্তী সফলতার দ্বার উন্মোচনের সুযোগ দান করুন।’

তিনি বলেন, ‘পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের যত্ন নেওয়া ও সুষ্ঠুভাবে অংশগ্রহণের পরিবেশ নিশ্চিতে সম্মানিত অভিভাবক, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের বিশেষ ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের দ্বার প্রশস্ত করার লক্ষ্যে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কর্তব্যরত শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য কর্মকর্তা ও দেশবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।’

জামায়াত আমির আরও বলেন, ‘পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের অনুমোদিত উপকরণ সঙ্গে নেওয়া নিশ্চিতে সতর্ক হতে হবে। একই সঙ্গে যানজটপূর্ণ শহর ও নগরে যথাসময় পরীক্ষার হলে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সময়, যানবাহন এবং বৈরী আবহাওয়ার জন্য উপকরণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রাফিক পুলিশের দায়িত্বশীল ব্যক্তিদের বিশেষ প্রস্তুতি নেওয়া ও জনগণকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।’