ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জনগণ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করবে: আখতার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ১০:৫৮ পিএম
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। ছবি- সংগৃহীত

আসন্ন গণভোটে জাতীয় পার্টি ফ্যাসিবাদী কায়দায় ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, জাতীয় পার্টির এই অবস্থানের কারণে জনগণ গণভোটে নয়, বরং জাতীয় পার্টিকেই ‘না’ বলে দেবে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আখতার হোসেন। এ সময় তিনি জাতীয় পার্টির রাজনৈতিক ভূমিকা ও অবস্থানের কঠোর সমালোচনা করেন।

আখতার হোসেন বলেন, জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছে এবং স্বৈরাচারী শাসনের অংশীদার ছিল। তারা কখনোই দেশের গণতান্ত্রিক উত্তরণ চায়নি। বর্তমান রাষ্ট্রীয় কাঠামো থেকে জনগণের মুক্তি ও প্রকৃত পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, জাতীয় পার্টি তার সম্পূর্ণ বিপরীত অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, অতীতে জাতীয় পার্টি যেভাবে গৃহপালিত বিরোধী দল হিসেবে ফ্যাসিবাদী শাসনব্যবস্থাকে টিকিয়ে রাখতে সহায়তা করেছে, সেই একই মানসিকতা থেকেই তারা আজ গণভোটে ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। এটি তাদের রাজনৈতিক চরিত্রেরই ধারাবাহিক বহিঃপ্রকাশ।

এনসিপির এই নেতা বলেন, জাতীয় পার্টি ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে আবারও জাতির সামনে তাদের ফ্যাসিবাদী চরিত্র নগ্নভাবে প্রকাশ করেছে। তবে জনগণ তাদের এই প্রচারণাকে গুরুত্ব দেবে না। জনগণ সচেতন, তারা বোঝে কারা গণতন্ত্রের পক্ষে আর কারা স্বৈরাচারের পক্ষে। তাই এই গণভোটে জনগণ জাতীয় পার্টিকেই প্রত্যাখ্যান করবে।

এ সময় দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন আখতার হোসেন। তিনি বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এনসিপি শুরু থেকেই শঙ্কা প্রকাশ করে আসছে। সম্প্রতি কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা পরিস্থিতির অবনতির স্পষ্ট ইঙ্গিত দেয়।

তিনি বলেন, যাঁরা ফ্যাসিবাদের দোসর ছিলেন এবং গণহত্যা ও দমন-পীড়নের সঙ্গে জড়িত, তাঁদের দ্রুত গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা গেলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতো। এ জন্য শুরু থেকেই পুলিশ বাহিনীকে পুনর্গঠন ও ঢেলে সাজানোর দাবি জানিয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি।

উল্লেখ্য, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন আসন্ন নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে ১০–দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে তাঁর বিপক্ষে আরও যাঁরা নির্বাচন করছেন, তাঁদের মধ্যে রয়েছেন বিএনপির এমদাদুল হক ভরসা (ধানের শীষ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্ক্সবাদীর প্রগতি বর্মণ তমা (কাঁচি), বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা (রিকশা), বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায় (ডাব), জাতীয় পার্টির আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান (লাঙ্গল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাহিদ হোসেন (হাতপাখা)।