ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শুধু স্লোগান বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৯:২০ পিএম
এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি- সংগৃহীত

শুধু স্লোগান বদলেছে, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, এক রাজনৈতিক দলের পরিবর্তে আরেক দল ক্ষমতায় এলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে এনসিপির ঢাকা সাংগঠনিক বিভাগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাঁর বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ বলতেন, এখন ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলেন। তাঁর ভাষায়, দেশের পরিস্থিতিও যেন একই রকম—শুধু স্লোগান বদলেছে, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পর দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়েছে। নোয়াখালীর হাতিয়ায় ভোট দেওয়াকে কেন্দ্র করে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলেও তিনি দাবি করেন।

নাহিদ ইসলাম বলেন, সারা দেশে নারী নির্যাতন ও শিশু ধর্ষণের ঘটনা বাড়লেও সুশীল সমাজ ও নারী অধিকারকর্মীদের অনেকেই এ বিষয়ে নীরব রয়েছেন। তবে জাতীয় নাগরিক পার্টি এ বিষয়ে চুপ করে থাকবে না এবং মানুষের অধিকার নিশ্চিতে দলটি সব সময় সোচ্চার থাকবে বলেও তিনি জানান।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের কেন্দ্রীয় ও ঢাকা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।