জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, আগামীকাল নতুন সংসদ অধিবেশন শুরু হবে। সারাদেশের মানুষ সংসদের দিকে তাকিয়ে আছে। আমরা আশা করছি, সরকার দলীয় এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবেন। রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে। যদি তা না হয়, তাহলে আপনাদের সবাইকে যার যার জায়গা থেকে সোচ্চার হতে হবে। এগুলো শুধু আমাদের দলের দাবি নয়, নতুন বাংলাদেশের দাবি। এজন্য দল-মত নির্বিশেষে সবাইকে সোচ্চার হতে হবে।
বুধবার (১১ মার্চ) রংপুরের শহিদ আবু সাঈদ স্টেডিয়ামে জাতীয় নাগরিক পার্টির রংপুর বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী সংসদকে কার্যকর দেখতে চান উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা একটি কার্যকর সংসদ দেখতে চাই। আমরা আশা করছি, বিরোধী দলকে কথা বলার সুযোগ দেওয়া হবে। সব কমিটমেন্ট রক্ষা করা হবে। গোটা দেশে বিদ্রোহের সূচনা করা শহিদ আবু সাঈদকে স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, রংপুর বিভাগের সঙ্গে আগামী দিনে কোনো বৈষম্য করা হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কুড়িগ্রাম-২ আসনে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও রংপুর বিভাগীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর মহানগরীর সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর সেক্রেটারি জেনারেল কে এম আনোয়ারুল ইসলাম কাজলসহ এগারো দলীয় জোটের রংপুর বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন