জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় নেত্রী ফারাহা এমদাদ। কেন্দ্রীয় কমিটিতে ‘সংগঠক’ পদে ‘সম্মতি ও অবগত’ করা ছাড়াই অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে কেন্দ্রীয় এবং জেলার সকল দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তিনি।
শনিবার (১৮ এপ্রিল) কমিটি ঘোষণার দিন বিকেল সাড়ে ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে এ পদ ছাড়েন তিনি।
নিজের ফেসবুক আইডিতে পদত্যাগপত্র শেয়ার করে ফারাহা এমদাদ লিখেছেন, ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ। সংগঠনের সঙ্গে যুক্ত থাকাকালে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি, তার জন্য দুঃখিত। সবাই ভালো থাকবেন।’
জানা গেছে, শনিবার দুপুরে জাতীয় নারী শক্তির ৫৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে ফারাহা এমদাদকে ‘সংগঠক’ পদে অন্তর্ভুক্ত করা হয়। তবে এ বিষয়ে পূর্বানুমতি না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক ও সভাপতির বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ১৮ এপ্রিল ২০২৬ তারিখের বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানতে পারেন যে তাকে কেন্দ্রীয় কমিটিতে সংগঠক পদে মনোনীত করা হয়েছে। কিন্তু এ বিষয়ে তার কোনো সম্মতি নেওয়া হয়নি বা তাকে অবহিতও করা হয়নি। পূর্ব অনুমতি ছাড়া এমন দায়িত্ব দেওয়া সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, গত কয়েক মাস ধরে তিনি এনসিপির কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমান পরিস্থিতিতে তিনি কেন্দ্রীয় নারী শক্তির সংগঠক ও মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কের পদ থেকে তাৎক্ষণিকভাবে পদত্যাগ করেছেন।
ফারাহা এমদাদ জানান, তার সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই তাকে নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অনৈতিক। তাই স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

