বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যখন গণতন্ত্র চাপা থাকে, তখন উগ্রবাদী শক্তির উত্থান ঘটে। দেশে জামায়াতে ইসলামীর ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি কখনো জনপ্রিয়তা হারায়নি। কারণ বিএনপি সব সময় জনগণের রাজনীতি করেছে। এটাই দলের সবচেয়ে বড় শক্তি। সরকারে থাকার সময় বিএনপি জনগণের জন্য কাজ করেছে এবং জনগণ সেই রাজনৈতিক কার্যক্রমের ফলাফলে বিজয় দিয়েছে।
তিনি আরও বলেন, আমরা সব সময় আমাদের কমিটমেন্টে অটুট থাকি। ফ্রন্টলাইন আন্দোলনকারীদের সঙ্গে আমরা একসঙ্গে নির্বাচন করেছি এবং তাদের সঙ্গে মিলিতভাবে সরকার গঠন করব।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


