ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রমজানের তৃতীয় জুমায় বায়তুল মোকাররমে মুসল্লির ঢল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০২:১৫ পিএম
বায়তুল মোকাররমে মুসল্লির ঢল। ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাসের তৃতীয় জুমায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ধর্মপ্রাণ মুসল্লির ঢল নেমেছে। পবিত্র এই দিনে জুমার নামাজ আদায় করতে সকাল থেকেই দলে দলে মসজিদে সমবেত হন হাজারো মানুষ।

শুক্রবার (৬ মার্চ) সকাল থেকেই মসজিদ এলাকায় মুসল্লিদের উপস্থিতি বাড়তে থাকে। আজানের ধ্বনি শোনার পরপরই মসজিদ প্রাঙ্গণে মানুষের ভিড় আরও বাড়ে। কেউ বন্ধু-বান্ধব ও স্বজনের সঙ্গে, আবার কেউ একাই জুমার নামাজ আদায় করতে মসজিদে আসেন।

দুপুর হওয়ার আগেই মসজিদের ভেতর ও বাইরের অংশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জায়গার সংকুলান না হওয়ায় অনেক মুসল্লিকে আশপাশের অন্যান্য মসজিদে গিয়ে নামাজ আদায় করতে দেখা গেছে।

জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লি একরামুল বলেন, রমজানের শুরু থেকেই তিনি বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করছেন। আজও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন।

আরেক মুসল্লি সাইফুল হক বলেন, বায়তুল মোকাররমে সবার সঙ্গে একসঙ্গে জুমার নামাজ আদায়ে বিশেষ প্রশান্তি অনুভূত হয়। রমজান মাস বেশি সওয়াবের মাস হওয়ায় তিনি এখানেই নামাজ আদায় করতে এসেছেন।

মুসল্লি আবু সালেহ বলেন, হাজার হাজার মানুষের সঙ্গে একত্রে নামাজ আদায়ের অনুভূতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আনন্দের।

এদিকে মসজিদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। মসজিদের প্রবেশপথ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। প্রবেশমুখে সন্দেহজনক কিছু দেখলে প্রয়োজনীয় তল্লাশিও চালানো হচ্ছে।