মাহে রমজানের শেষ শুক্রবার, জুমাতুল বিদা হিসেবে দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিদায়ি রমজানের শেষ জুমায় অংশ নিতে রাজধানী ঢাকাসহ সারাদেশের মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নামে।
নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মুসলিমের ঐক্য ও ভ্রাতৃত্ব কামনায় কান্নায় ভেঙে পড়েন অগণিত ধর্মপ্রাণ মানুষ।
রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমাতুল বিদা উপলক্ষে ছিল মুসল্লিদের উপচেপড়া ভিড়। আজ শুক্রবার জোহরের আজানের আগে থেকেই মুসল্লিরা মসজিদে জড়ো হতে শুরু করেন।
খুতবা শুরুর আগেই মসজিদের মূল ভবন ছাড়িয়ে চত্বর এবং আশপাশের রাস্তায় কাতারবন্দি হয়ে নামাজে অংশ নেন হাজারো মানুষ। নামাজ শেষে মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক।
মোনাজাতে খতিব মহান আল্লাহর দরবারে আকুতি জানিয়ে বলেন, ‘হে আল্লাহ! আপনি সমগ্র মুসলিম বিশ্বকে হেফাজত করুন। বিশ্বের শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়িয়ে দিন, বিশৃঙ্খলা ও অরাজকতা দূর করে দিন।’
নামাজের আগে খুতবায় খতিব বলেন, রমজান মাস হলো আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও মানবতার শিক্ষা নেওয়ার মাস। এই পবিত্র মাসের সংযম ও ইবাদতের শিক্ষা যেন কেবল রমজানে সীমাবদ্ধ না থেকে সারা বছর মুমিনের জীবনে প্রতিফলিত হয়, সেই আহ্বান জানান তিনি।
এদিকে, রাজধানীর অন্যান্য বড় মসজিদগুলোতেও ছিল একই চিত্র। জুমার নামাজ শেষে অনেক মুসল্লিকে দীর্ঘ সময় ধরে নফল ইবাদত ও তসবিহ পাঠে মশগুল থাকতে দেখা যায়।


